বিভাগ: বই রিভিউ॥ পাঠ-প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক

Uploaded Image 

কাব্যগ্রন্থ: বলার কথা অল্পই

কবি: সেখ রমজান


পাঠ-প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক


গভীর জীবন বোধ, অতলান্ত নিজস্বতা তথা স্বকীয় অভিজ্ঞান এবং আনন্দ-প্লাবিত অথচ বিষাদ-ঋদ্ধ উচ্চারণে যিনি নির্মাণ করেন তাঁর কবিতার শরীর এবং যিনি ধীর অথচ মন্ত্র উচ্চারণের মতো নিখুঁত অভিব্যক্তিতে হেঁটে বেড়ান কাব্যজগতের অলিগলি তিনি আর কেউ নন – তিনি এই সময়ের প্রবহমান বাংলা কবিতার ধারায় একটি উজ্জ্বল নাম – সেখ রমজান। ২০০০ সালে প্রকাশিত ঘাসগন্ধ কাব্যগ্রন্থেই তিনি তাঁর জাত চিনিয়েছিলেন যে তিনি কবিতার জগতে রাজ করতে এসেছেন। তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ বলার কথা অল্পই পাঁচ ফর্মার একটি অনুপম কাব্যগ্রন্থ যা বয়স নির্বিশেষে সমস্ত পাঠকের মন অনিবার্যভাবেই ছুঁয়ে যায়। কখনও একটিমাত্র স্তবকে কখনও বা দু’টি চরণে তিনি যে কবিতাগুলি উপহার দিয়েছেন তা আয়তনে প্রকৃত অর্থে অণু হলেও ভাবনায় বিস্তর। কাব্যগ্রন্থের ভূমিকায় যখন কবি বলেন–

যদি কোনো ভ্রান্তি হয়, এই আমি 

পাঠিয়ে দিই করজোড় ভর্তি তোরঙ

প্রতিটা শিকড় আর প্রতিবিন্দু জলীয় 

কণায়, দেখো অনুতপ্ত অশ্রুর রং …

তখনই কাব্যগ্রন্থটি বাঁধা হয়ে যায় ভিন্নধর্মী স্বকীয় এক সুরে। তারপর কবিতা থেকে কবিতান্তরে যেতে যেতে পাঠক একটু একটু করে পৌঁছে যান মিতায়তনের চূড়ান্ত শেখরে এবং যুগপৎ বিস্মিত হয়ে বিন্দুতে সিন্ধু দর্শন করতে থাকেন। বলার কথা অল্পই কাব্যগ্রন্থ থেকে কয়েকটি উদ্ধৃতি দেওয়া যেতে পারে –


প্রতিটা প্রস্ফুটিত কুঁড়ি জানে

ফোটাটাই ভুল

আড়চোখে দেখে

আগামী ভুলের জন্য রয়ে গেল

কে কে                                    (ভুল)


মানুষ কোনোদিন গাছ হতে পারবে না বলে 

গাছ লাগায়।

মাটি খুঁড়ে কিছুটা মিশিয়ে দেয় গাছের সঙ্গে। 

গাছ কোনোদিন মানুষ হতে পারবে না বলে

মানুষের পাশে পাশে থাকে। ছায়ার মধ্যে 

লুকিয়ে রাখে মানুষ।                       (সম্পর্ক)


দাঁত খুলে রেখে মানুষটা ঘুমোচ্ছে 

রাত গভীর হলে দাঁতের খিদে পায় 

রাক্ষসের মতো 

চুপি চুপি বিছানায় উঠে আসে 

উঠে বসে প্রভুর ওপর 

সকালে সবাই দেখে, দাঁতগুলো আছে 

মানুষটা নেই                                (খাদক)


এভাবে প্রতিটি কবিতায় নতুন নতুন চমক নিয়ে কবি আবির্ভূত হন পাঠকের সামনে আর এইখানেই বলার কথা অল্পই কাব্যগ্রন্থের ক্যারিশমা। চমৎকার অনুভবী প্রচ্ছদ, মজবুত বাঁধাই এবং উৎকৃষ্ট অফ হোয়াইট কাগজে ঝকঝকে নির্ভুল ছাপা বইটি হাতে নিলেই মন ভালো হয়ে যায়। ফিরে পড়বার মতোই কাব্যগ্রন্থটি একবার পড়লে পাঠক যে অনিবার্যভাবেই খোঁজ করবেন কবির অন্যান্য কাব্যগ্রন্থ এ কথা নির্দ্বিধায় বলাই যায়।

 

 

কাব্যগ্রন্থ: বলার কথা অল্পই

কবি: সেখ রমজান

প্রকাশক: দিবারাত্রির কাব্য

মূল্য - ১৫০ টাকা

 

=======================

প্রেরক: গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103

WhatsApp/ফোন: 8653395807

email id: modakgobinda774@gmail.com


Uploaded Image


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad