বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। স্বপ্ন পূরণ ।। সুমিতা চৌধুরী


 

 স্বপ্ন পূরণ 

সুমিতা চৌধুরী  


পিয়া মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যখন "মা মা" বলে উচ্ছাসে পূর্ণিমার সামনে এসে দাঁড়ালো,  তখন তাকে বুকে জড়িয়ে আনন্দের আতিশয্যে কেঁদে ফেলল সে। খুব ভালো রেজাল্ট করেছে পিয়া। পিয়াকে নিয়ে বাড়ি ফেরার পথে রাতুল আগেই সব নাম্বার তাকে ফোনে জানিয়েছিল। তাও বারবার রেজাল্টটা উল্টে পাল্টে দেখেও যেন আশ মিটছে না পূর্ণিমার।
   আসলে পরীক্ষাটা পিয়া দিলেও, এই পরীক্ষাটা যে পূর্ণিমারও কতোবছরের প্রস্তুতি, তা একমাত্র পূর্ণিমার ভাগ্যদেবতাই জানেন।  সেই যবে পূর্ণিমা ছিল পিয়ারই মতো কিশোরী,  তবে থেকে। হ্যাঁ,  পূর্ণিমার তখন পনেরো বছর বয়স। মাধ্যমিকের প্রস্তুতি সম্পূর্ণ। কিন্তু সেই ক্লাস ফাইভ থেকে একটা ঘুসঘুসে জ্বর কিছুতেই পিছু ছাড়ছে না। কতো ডাক্তার, ওষুধ, টেস্ট, কিছু করেই লাভ হয়নি। ইদানিং সেটা আরো বেশী করে মাথা চাড়া দিয়ে উঠে পূর্ণিমাকে প্রায়ই কাবু করে দিচ্ছে। তবু পূর্ণিমার হার না মানার জেদ। স্কুলের দিদিমণিদের অগাধ ভরসা তার ওপর, সে খুব ভালো রেজাল্ট করে স্কুলের মুখ উজ্জ্বল করবেই। কিন্তু তার সাথে তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তাও। আর তাঁদের দুশ্চিন্তাই ফলে গেল একেবারে মাধ্যমিকের মুখে। পূর্ণিমার অদম্য জেদকে ধরাশায়ী করে সেই জ্বরের পিছনে লুকানো আসল অসুখের দৈত্য আবির্ভূত হলো পূর্ণ প্রকাশে পূর্ণিমাকে শয্যাশায়ী করে, একরকম পঙ্গু করেই বলা চলে। তারপর জীবন মৃত্যুর অহরহ দীর্ঘ লড়াই পেরিয়ে একটু একটু করে স্বাভাবিক জীবনের দিকে ফেরা। আর সেই থেকে প্রতিরাতে একটা দুঃস্বপ্ন তাড়া করে ফিরেছে পূর্ণিমাকে। না, দুঃস্বপ্ন নয় ঠিক,  প্রতিরাতে সে দেখেছে তার স্বপ্নটা ভেঙ্গে চুরমার হতে। সেই থেকে প্রতিরাতে অবিশ্বাস্যভাবে সে দেখেছে সে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, কিন্তু হয়তো হাজার চেষ্টাতেও পৌঁছাতে পারেনি, নয়, যে কোনো কারণে পরীক্ষা শেষ করতে পারেনি। আর তৎক্ষণাৎ ঘুম ভেঙে বাকী রাত অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করে কাটিয়েছে। তাই আজ পিয়ার সাথে সেও যেন এতোদিনে সফলভাবে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক পরীক্ষায়, যেন এতোবছরে দিদিমণিদের কথা রাখতে পেরেছে সে। পিয়ার মধ্যে দিয়েই যে তার এতোবছরের লালিত স্বপ্ন পূরণ হলো আজ।
   হ্যাঁ, সেই থেকে এই প্রথম রাত, যে রাতে সে নিশ্চিতে ঘুমালো, কোনো দুঃস্বপ্নে ঘুম না ভেঙ্গে। সত্যিই বুঝি এতোবছর পর অমানিশার কালো রাত কেটে পূর্ণিমার উজ্জ্বল আলো ছড়ালো তার জীবনে তথা মনে।

======================== 
Sumita Choudhury 
Liluah,  Howrah 
Ph/Wa- 7003299023

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.