অণুগল্প ।। উপলব্ধি ।। সুমিতা চৌধুরী


উপলব্ধি 

সুমিতা চৌধুরী


এই প্রথম জীবনের উপলব্ধিতে প্রতাপ চৌধুরী আপন স্বভাবসুলভ গুরুগম্ভীর প্রতাপ বিসর্জন দিয়ে চললেন বন্ধু মহলে, তাঁদের মতো করেই মিশতে, হুল্লোড়ে আড্ডায় মাততে। মনে মনে ভাবলেন,  ওঁরা হতবাক হয়ে যাবে তাঁর এই পরিবর্তনে। 

   কিন্তু আড্ডার সেই পুরোনো ঠেকে গিয়ে নিজেই হতবাক হয়ে গেলেন। বারোজনের মজলিসে, উপস্থিত তাঁকে নিয়ে মাত্র তিনজন।  চারজন মারা গেছেন। তিনজন এখন প্রবাসী। আর বাকি দুজন রোগশয্যায় মৃত্যুপথযাত্রী। তাঁকে ছাড়া যে দুজন মজলিসে উপস্থিত,  তাদের অবস্থাও পৌঢ়ত্বে ও পারিপার্শ্বিকতায় মুহ্যমান। হাসি আর হুল্লোড়ের সব "হ"-ই চির বিদায় নিয়েছে সেই মজলিস ছেড়ে। 

    সময় তাকে শেষ উপলব্ধি দিয়ে গেল, সময়কে হেলায় হারালে, তখন সেই সময়ের সমাধি 'পরে অশ্রুপাতই সার হয়।
================== 

Sumita Choudhury 
Liluah,  Howrah 

Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.