অণুগল্প ।। সাস্নুহানা ।। শংকর ব্রহ্ম




                  নীল রঙের চাঁদোয়ায় মোড়া আকাশ। রাধাচূড়া গাছটা ফুলে ফুলে ভরে গেছে। রাধাচূড়া ফুলের তেমন কোন জোরালো গন্ধ নেই, যাতে আমার নাকে এসে লাগে। বাতাসে ফুলগুলি ঝরছে দেখতে পাচ্ছি আমি। টের পাচ্ছি আমার জ্বর আসছে।

                 রাস্তাটা ধা-করে বাঁ-দিকে ঘুরে গেছে। ঝরা ফুলে রাস্তাটা হলুদ হয়ে উঠেছে। একজন ফুলঅলা তা মাড়িয়ে চলে গেলে, 'ফুল চাই - ফুল চাই' হেঁকে। রাস্তার ঝরা ফুলগুলো মর্মবেদনায় কেঁদে উঠল। ফুলঅলা তা শুনতে পেল না।

            গীতা তুমি জানলায় দাঁড়িয়ে। পাখিটা শিশ দিয়ে উড়ে গেল। আমি শিশ দিই না কতদিন।
ধূসর সন্ধ্যা নামছে ধীরে ধীরে চরাচর জুড়ে।এরপর আকাশে তারাদের মেলা বসবে। সেখানে আজ আমার যেতে হবে। কালপুরুষ আমার বন্ধু।সে আমাকে আমন্ত্রণ করেছে। না গেলে খুব দুঃখ পাবে যে।

              এবার জানলার ধার থেকে সরে গেছে তোমার মুখটা।

           কী মিষ্টি একটা গন্ধ আসছে। কোথা থেকে, কে জানে ! তুমি কি গান জান গীতা? একদিন শোনাবে আমায়? তার আগে তোমাকে  নিয়ে আমি পার্কে যাব ঘুরতে। তুমি পাশে বসে গান গাইবে আর আমি তা শুনতে শুনতে বিভোর হয়ে ছবি আঁকব। তারপর ছবিটা তোমাকে উপহার দেব, গান শোনাবার জন্য কিংবা কোন কারণ ছাড়াই মনের আনন্দে।

     তোমার মুখটা কী মিষ্টি। গোলাপ ফুলের চেয়েও সুন্দর।

   অন্ধকার গুড়ি মেরে নেমে আসছে। পাখিরা সব কুলায় ফিরছে। হঠাৎ একটা রাতপাখি ডাকতে ডাকতে কোথায় উড়ে গেল। 

            অন্ধকার আমার খুব ভাল লাগে। সব কালোয় ডুবে যায়। তুমি একরাশ কালো চুল মেলে দিয়ে, আমার সামনে এসে দাঁড়াও।
কালো ক্যানভাসে আশ মিটিয়ে, মনের রঙ মিশিয়ে আমি আলোর ছবি আঁকি।

        জোনাকিগুলো ঘরে এসে এবার আমায় গল্প শোনাবে, অমাবস্যা রাতের কত মজার মজার কাহিনি। তুমি তা শুনলে অবাক হয়ে যেতে গীতা। একটা টিকটিকি তা শুনতে দেওয়াল বেয়ে নেমে আসে ধীরে ধীরে।

              এবার আমার ওষুধ খাবার পালা।
তারপর ঘুম নেমে আসবে চোখে। তারপর আমার চেতনা লোপ পাবে ধীরে ধীরে ।

           যেদিন জ্বরটা কমবে, সেদিন আমি একটা টিকটিকি হয়ে ঘুরে বেড়াব তোমার সারা ঘরে। দেখবো, তুমি সারাদিন কি কি কর। কিভাবে থাক।

        জান গীতা, আমি আজকাল ঘুমের মধ্যে ডুবতে ডুবতে হাস্নুহানা ফুলের গন্ধ পাই, প্রায় দিনই। তারপর কখন ঘুমিয়ে পড়ি, টেরও পাই না। গীতা এবার থেকে আমি তোমায় হাস্নুহানা বলে ডাকব।

     ঘুম ভাঙলে, সকালে উঠে দেখি, আমি সত্যি সত্যিই একটা টিকটিকি হয়ে গেছি। এবার শুরু হবে আমার, হাস্নুহানারর গন্ধময় ঘরের মধ্যে চলাফেরা - জানলায়, দেওয়ালে, আলমারির উপর, ছাদে ঘোরা ফেরা করার পালা।  কী মজা, কী মজা! 
সাস্নুহানা তুমি টেরও পাবে না। তুমি হয়তো টিকটিকিটা দেখবে। কিন্তু সেটা যে আমি বুঝতে পারবে না তুমি।  কী মজা, কী মজা! 

        ঘোর বাড়ছে জ্বরের, আমি অচৈতন্য হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ভাবি।
====================
 

 

SANKAR BRAHMA.
8/1, ASHUTOSH PALLY,
P.O. - GARIA,
Kolkata - 700 084.
PHONE NUMBER - 98306 36623 (Whats App).
----------------------------------------------------------------------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad