নির্মাণ
গোবিন্দ মোদক
একটা ঘরোয়া আড্ডা। নানা পেশার লোকজন। আলোচনার মাঝখানে কবিতার প্রসঙ্গ উঠলো। প্রাজ্ঞ কবি সদাময়বাবু সকলকে এক-একটি করে শব্দ বলতে বললেন। সেই মতো সবাই চেষ্টা করলো --- খয়েরি, সবুজ, কাকতাড়ুয়া, কালোমেঘ, জোনাকি, বুদবুদ, হাস্নুহানা, রোদ-ঝড়-বৃষ্টি, পলেস্তরা, আজান, ভুলভুলাইয়া, ফসলের ক্ষেত ... ইত্যাদি। সবশেষে সদাময়বাবু নিজেরটা বললেন --- মনের আকাশ। তারপর বললেন তোমাদের আড্ডা চলতে থাকুক, আমি দশ মিনিট ঘুরে আসছি।
দশ মিনিট .... কুড়ি মিনিট .... ত্রিশ মিনিট .... প্রায় ঘণ্টাখানেক পর সদাময়বাবু যখন এলেন, তখন আড্ডার আঁচ প্রায় নিভু-নিভু। বললেন -- কবিতা শোনাবো।
আড্ডা বুঁদ হয়ে সদাময়বাবুর কবিতা শুনলো। কবিতায় প্রত্যেকের বলা শব্দগুলো আশ্চর্যরকমভাবে খাপ খেয়ে গেছে। কোথাও কোনও ছন্দপতন নেই। অনুরোধ এলো ফিরে পড়বার জন্য। তো সদাময়বাবু সে দাবিও মেনে নিলেন। দ্বিতীয়বার পড়া শেষে হাততালির ঝড়। প্রবীণ অমলবাবু বললেন - এই না হলে কবি!
--------------
প্রেরক: গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103

