অণুগল্প ।। প্রণয় লীলা ।। শংকর ব্রহ্ম


 

ছবিঋণ - ইন্টারনেট 

 

প্রণয় লীলা 

 

শংকর ব্রহ্ম



                   লীলা অসম্ভব সুন্দরী। পদ্মকলি চোখ, উন্নত ললাট, ধারালো নাসিকা, মরালী গ্রীবা, সুগঠিত বুক, ভারী পশ্চাদ্দেশ, রাজহংসী চলন।

                  তাকে দেখলে প্রেমে পড়বে না, এমন পুরুষ মানুষ বিরল, তা আঠারো থেকে আটষট্টি পর্যন্ত যে কোন বয়সের মানুষ, যার হৃদয়ে এখনও কামনা বাসনা আছে।


                    প্রণয় মিত্র লীলা-প্রেমে পাগল। লীলার রূপ সমুদ্রে হাবুডু্বু খাচ্ছে। সে তার জন্য সব কিছুই করতে পারে।

                    লীলার কোন অপরাধ তার কাছে অপরাধ বলে মনে হয় না।

                     লীলার সব গুণ আছে। দুর্বলতার মধ্যে একটি। সে বেশিদিন একজনকে ভালবেসে থাকতে পারে না। কিছুদিন পর পরই নতুন প্রেমে পড়ে। প্রণয় তা নিয়ে কিছু মনে করে না, কারণ লীলার স্বভাব তার জানা।

                     হঠাৎ লীলা নতুন প্রেমে পড়ল। প্রণয় জানতে চাইল," প্রিয়ে এবার কে সে?"

                      লজ্জার ভান করে, লীলা বলল, ও তোমাকে বলা হয়নি, সে একজন কবি।"

প্রণয় ভাবল, এ তো সামান্য ব্যাপার।

                     সে নিয়মিত কবিতা চর্চা শুরু করল। কিছুদিনের মধ্যেই কবি হিসাবে তার নাম ডাক হল। কয়েকটি পুরুস্কারও জুটে গেল, ধরা-করা করে। 

                     লীলা অবাক হল, প্রণয় এত বড় কবি! সে প্রণয়ের বুকে মাথা রেখে বলল, তুমি তার চেয়েও বড় কবি, আমি তোমারই। জয়ের আনন্দে প্রণয় সজোরে তাকে বুকে চেপে ধরল। কিছুদিন সুখেই কাটল।

    

                    লীলা আবার প্রেমে পড়ল। প্রণয় রাগ করল না, দুঃখ পেলো না মোটেও। সে জানে লীলার স্বভাব এমনই।

                      প্রণয় বলল, প্রেয়সী এবার কে সে?

প্রিয়া গর্ব করে বলল, সে একজন শিল্পি।

                       সেদিন থেকে, প্রণয় একজন বড় শিল্পির কাছে, নিয়মিত যাতায়াত শুরু করল। শিল্প চর্চা শুরু হল তার। অনেক টাকা খরচ করে, রঙ তুলি কাগজ আরও কি কি সব কিনলো। নাওয়া খাওয়া ভুলে শিল্প চর্চা শুরু করল। তারপর একদিন একাডেমিতে প্রদর্শনী করে, সোনার মেডেল পেয়ে, লীলাকে দেখাতে নিয়ে গেল।

                       লীলা দেখে, তার গলা জড়িয়ে ধরে বলল, আর কখনও ভুল হবে না আমার। আমি শুধু তোমারই। প্রণয় খুশি হয়ে মেডেলটি তার হাতে তুলে দিল। লীলা একগাল হেসে মেডেলটি নিল। বলল, তুমি ছাড়া আর কাউকে কোনদিন ভালবাসব না আমি।

- মনে থাকবে?

প্রণয় লীলার কপালে একটা চুমু দিল।

- হুমমমম্


                        এরপরও দফায় দফায় প্রণয়কে হতে হয়েছে, গায়ক, নায়ক, ঘোষক আরও কত কি কি সব।

    

                         এরপরও লীলা আবার প্রেমে পড়ল। তার মনে সুখ নেই, সব সময় কি ভাবে, গম্ভীর থাকে। তা লক্ষ্য করে প্রণয় তাকে বলল, এবার কে সখি?

                          লীলার চোখ ছলছল করে উঠল, যেন মেঘ ভেঙে বৃষ্টি নামবে এক্ষুনি। লীলর কষ্ট প্রণয়কে অস্থির করে তুলল। লীলাকে কন্ঠলগ্ন করে সে বলল, এবার কে সে?

                           লীলার চোখে ব্যথার ভার। সে প্রণয়ের বুকে মাথা রেখে বলল, সে একজন খুনি।

- ওহ্, খুনি। এই কথা।

প্রণয় হাসতে হাসতে লীলার গলা সজোরে টিপে ধরল।

==========================  



 

শংকর ব্রহ্ম

----------------------------------------------------------------------------
নাম - ঠিকানা - ফোন নম্বর
----------------------------------------------------------------------------
SANKAR BRAHMA.
8/1, ASHUTOSH PALLY,
P.O. - GARIA,
Kolkata - 700 084.
PHONE NUMBER - 98306 36623 (Whats App).
----------------------------------------------------------------------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.