পত্রিকা রিভিউ : অবিনাশী সংহতি শিশুসাহিত্যমালা।। পাঠ প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক

 

 

পত্রিকা: অবিনাশী সংহতি শিশুসাহিত্যমালা  

বার্ষিক সংখ্যা - ২০২৫
পরিচালনা ও সম্পাদনা: পশ্চিমবঙ্গ রাজ্য শিশুসাহিত্য সংসদ
যুগ্ম সম্পাদক: সোমনাথ ব্যানার্জি ও নরেশ মণ্ডল

পাঠ প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক


অবিনাশী সংহতি শিশুসাহিত্যমালা সম্পূর্ণরূপে শিশু-কিশোর উপযোগী বিশুদ্ধ একটি বার্ষিক সাহিত্য পত্রিকা যেটি পশ্চিমবঙ্গ রাজ্য শিশুসাহিত্য সংসদ কর্তৃক নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়ে চলেছে হাওড়া জেলা থেকে। প্রতিষ্ঠাতা সম্পাদক কমলকৃষ্ণ কবিরাজ মহাশয়ের প্রয়াণের পর পত্রিকা সম্পাদনার গুরু দায়িত্ব গ্রহণ করেছেন বর্তমান সম্পাদক সোমনাথ ব্যানার্জি ও নরেশ মণ্ডল। সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন শ্রী অনিল কুমার রায়। কেন্দ্রীয় কমিটি তথা উপদেষ্টামন্ডলীতে রয়েছেন ডঃ সোমনাথ সরকারের মতো বিশিষ্ট সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী। তাঁদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যমালার বার্ষিক সংখ্যা, ২০২৫। ৩৩টি সুনির্বাচিত ছড়া/কবিতা, ১১টি গল্প/অণুগল্প, তিনটি মূল্যবান প্রবন্ধ, একটি নাটক এবং চমৎকার একটি ভ্রমণগল্প নিয়ে সেজে উঠেছে অবিনাশী সংহতি শিশুসাহিত্যমালার বার্ষিক সংখ্যার (২০২৫) পাঁচ ফর্মার অবয়ব।


যেহেতু এটি শিশু-কিশোর পত্রিকা, সেইহেতু প্রায় সব লেখাই শিশু-কিশোরদের কথা ভেবে, শিশু-কিশোরদের জন্য, শিশু-কিশোর উপযোগী। পত্রিকার শুরুতেই কবি তপন মুখার্জী শিশুকন্যা বিষয়ক চমৎকার একটি ছড়া-কবিতা উপহার দিয়েছেন- ও আমার। মিহির কুমার চট্টোপাধ্যায়ের "দাদু বলে, সূর্য্য মামা নয়" শিশু-কবিতাটি পাঠককে ভাবাবে। স্বপ্না আচার্য্যর মেলবন্ধন, দেবাশিষ শুভ্র ঘোষের পলাশের দেশ সুন্দর কবিতা। অচিন্ত্য মণ্ডলের পৃথিবীর অধিকার কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক। রীতা বসু ধরের রুম্পা সোনা এবং নন্দিনী পাত্রের মেয়ে কবিতা দু'টির বিষয়বস্তু শিশুকনা/নারী। ভিন্নধর্মী ছড়া-কবিতা লিখেছেন গৌতম দত্ত- কপাল। প্রকৃতি বিষয়ক ছড়া-কবিতায় মন ভরিয়েছেন পুতুল ভট্টাচার্য (সাজো তুমি), অমরেন্দ্র নস্কর (সবুজের আহ্বান), তপতি মুখোপাধ্যায় (আজও খুঁজি তাই)। দেশ বিষয়ক কবিতায় অনিমা গুছাইত খুব সাবলীল – আমার দেশ। বিভূতি বিশ্বাসের হানডি খো- এর ছড়া অনবদ্য। জীবনীমূলক কবিতায় মধুসূদন বাগের কলম চমৎকার - রাজা রামমোহন। 


কবি শুভ্রা ঘোষের কবিতায় আবার জোনাকি বন্দনা- জোনাকি এলো পাশে। সূর্য্যকান্ত বেরার 'বাঞ্ছিত শিশু বিকাশ' কবিতাটি শিশুদেরকে দেবে সমাজ সচেতনতার বার্তা। বিমল সামন্তের প্রতিবাদের মহাঝড়, চন্দনা ঘাঁটির ক্ষয়িষ্ণু মানবিকতা, নিমাই রায়ের পৃথিবীর কান্না, রাঘব পোড়ের আমরা সবাই ভাই ভাই, ভাগ্যধর মল্লিকের মনুষ্যত্বের দাঁড়িপাল্লায় কবিতাগুলি শিশুদের জন্য বয়ে আনে নীতি-আদর্শ- নৈতিকতার শুভ বার্তা। সমরেশ কুমার সানার "কুজ্ঝ্বটিকা রায়" কবিতাটি বেশ মজার। শতদল অধিকারী আবার দু'টি ধাঁধাকে চমৎকার বিন্যাসে ছড়া-কবিতার রূপ দিয়েছেন। কবি সোমনাথ সরকার উপহার দিয়েছেন আর একটি উৎকৃষ্ট কবিতা "রূপকথার পুনরুজ্জীবন" যা বর্তমান প্রজন্ম এবং তাদের অভিভাবকদেরকে প্রকৃত অর্থেই ভাবাবে।


পত্রিকার গদ্য বিভাগটিও অত্যন্ত বলিষ্ঠ যেখানে স্থান পেয়েছে নানা স্বাদের শিশু-কিশোর গল্প। মিনু মালিক রচিত ভোম্বলের বোন গল্পে গল্পকার শিশুমন এবং পশুপাখির প্রতি ভালোবাসাকে খুব যত্নে পরিস্ফূট করেছেন। রাকা নাথের অর্পিতার জীবনযুদ্ধ একটি সামাজিক গল্প। আমবাগানের ভূতের গল্প শুনিয়েছেন দীপক রায় তাঁর সেদিনের কথা শীর্ষক গল্পে। সুমিত্রা ঘোষের গাছ বাঁচানো দরকার গল্পটি শিক্ষামূলক যা শিশুদেরকে ভীষণভাবে প্রাণিত করবে। কার্তিক চন্দ্র দাসের সমব্যথী গল্পটিও প্রকৃত অর্থেই মানবতার গল্প, মানবিকতার গল্প যা প্রতিটি শিশুকে উদ্বুদ্ধ করবে। সিরাজদ্দৌল্লার লুচি গল্পটি (মুকুল সেনগুপ্ত) ভিন্নধর্মী। একই কথা প্রযোজ্য সীজার রায়ের টেমসের ইলিশ, অর্পণ রায়ের এক্সট্রা অর্ডিনারী গল্প সম্পর্কেও। 


এছাড়া পত্রিকায় প্রকাশিত মূল্যবান প্রবন্ধ তিনটি পত্রিকার অন্যতম সম্পদ যেগুলি শুধু শিশুদের নয় বড়দেরও মন ভরাবে। নরেশ মন্ডলের রবীন্দ্রনাথের কয়েকটি কৌতুক নাটক সোমনাথ ব্যানার্জীর হয় সুরক্ষা বিধি মানো নয় ঠেকে শেখো, বিভু মুখোপাধ্যায়ের আমার চোখে সংগ্রামী কবি-সাহিত্যিক শ্রী কমলকৃষ্ণ কবিরাজ — প্রবন্ধত্রয় প্রকৃত অর্থেই মূল্যবান। পত্রিকার একমাত্র ভ্রমণ গল্পটি লিখেছেন সাবিত্রী নন্দী (ঝাড়গ্রাম ও ঘাটশিলা ভ্রমণ); রচনাটি যেমন সুপাঠ্য তেমনই তথ্যবহুল। সব মিলিয়ে বেশ জমজমাট একটি বার্ষিক সংখ্যা। তথাপি একটি বিষয় প্রকটভাবে সচেতন পাঠকের চোখে পড়ে; সেটি হলো — শিশুদের পত্রিকা হওয়া সত্ত্বেও শিশু-কিশোরদের লেখা ছড়া-কবিতা-গল্প কিন্তু এ পত্রিকায় বিশেষ দেখা যায়নি। অবশ্য এই সীমাবদ্ধতার কথা মুক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সাহিত্য সংসদ সভাপতি শ্রী অনিল কুমার রায় মহাশয় তাঁর কলমে —

পত্রিকার নাম অনুসারে পত্রিকায় শিশু-কিশোরদের লেখা ছড়া, কবিতা, গল্প প্রভৃতি স্থান পাওয়ার কথা, কিন্তু সম্ভব হয়ে ওঠে নি। সংগঠনটি পরিকাঠামোগতভাবে এখনও সুসংবদ্ধ হয়ে ওঠে নি। অনেক মানুষজনকে নিয়ে কাজ, আলাপ-আলোচনা, বিতর্ক চলছে। যে সমস্ত বিষয়ে অনেকটা কাছাকাছি আসা সম্ভব হয়েছে- সে বিষয়গুলোকে নিয়েই অগ্রসর হবার চেষ্টা করেছি। ভুলভ্রান্তির ক্ষমা অবশ্য পাব সে আশা রাখি। 


আশা করা যায় শিশুসাহিত্যমালার আগামী বার্ষিক সংখ্যাটি ছোটদের লেখায় এবং রেখায় ঝলমলে হয়েই প্রকাশ পাওয়ার স্পর্দ্ধা দেখাবে। ততক্ষণ শুভমস্তু।

 

পত্রিকা: অবিনাশী সংহতি শিশুসাহিত্যমালা।

বার্ষিক সংখ্যা - ২০২৫

পরিচালনা ও সম্পাদনা: পশ্চিমবঙ্গ রাজ্য শিশুসাহিত্য সংসদ।

যুগ্ম সম্পাদক: সোমনাথ ব্যানার্জি ও নরেশ মণ্ডল

মূল্য: ১৫০ টাকা

 

___________________________

স্বরচিত মৌলিক অপ্রকাশিত রচনা।

প্রেরক: গোবিন্দ মোদক।

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.