অণুগল্প ।। নাম-কীর্তন গোবিন্দ মোদক

Uploaded Image

 

নাম-কীর্তন 

 

গোবিন্দ মোদক 

 


তিন দিন ধরে নাগাড়ে নাম-কীর্তন চলছে নীলকন্ঠ হালদারের বাড়ি — শ্রোতারা কেঁদে আকুল! আহা, এতো ভালো নাম-কীর্তন গাইতে পারে এমন দল আগে আর আসেনি এ এলাকায়। মনকাড়া পরিবেশনা শুনে পাথরের চোখেও জল আসে! কথাটা শুনে এলাকার মাতব্বর কেষ্ট দালাল খুব এক চোট হাসলো; তারপর বললো — কীর্তন শুনে কান্না! যত্তোসব উজবুকের দল!

          

অগত্যা উজবুকের (!) দল কেষ্ট দালালের সঙ্গে বাজি ধরলো — এ কীর্তন শুনে কেষ্ট তো কোন ছার, অতি বড়ো পাষণ্ডও কেঁদে আকুল হবে! কেষ্ট চ্যালেঞ্জের মোকাবিলায় নামলো। এক দিন যায় .... দু'দিন যায় .... কীর্তন গায়কদের কান্না মিশ্রিত ভাব-সংগীত শুনে মুখ টিপে হাসে কেষ্ট! উজবুকের দল একপ্রকার হাল ছেড়ে দিয়েছে! 


অবশেষে প্রাঙ্গণে এসে কীর্তন গাইতে শুরু করলো বছর তেরো-চৌদ্দর একটি কিশোর। তার অপূর্ব গায়কীর এর সঙ্গে যোগ্য সঙ্গত করতে লাগল বাঁশি, সারেঙ্গী ও বেহালাবাদক। গাইতে গাইতে কখন যেন আনমনে ছেলেটি এসে জড়িয়ে ধরল কেষ্ট দালালের গলা, বললো — বলো ঠাকুর, তুমিও বলো —


হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে!

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে!!


কেষ্ট দালাল কোনও কথা বলতে পারলো না — হঠাৎই কিশোর গায়ককে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলো। তার কান্নার সুরে সুর মেলালো আড়বাঁশি, বেহালা আর সারেঙ্গী বাদকের দল।

_____________________

প্রেরক: গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


Uploaded Image



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.