হরেন ভিখারি
প্রতীক মিত্র
দেশের উন্নয়ন হচ্ছে। নিশ্চয়ই হচ্ছে। কিন্তু হরেন ভিখারি ভিখারিই রয়ে গেছে। তবে ভিক্ষা করে যেটুকু সে পায় তাতে তার চলে যায়। ঝুপড়িটা তার হাইওয়ের ধারেই। কতবার যে সেটা ভাঙা পড়ল। কাঁচামাল বলতে তো শুধু ছেঁড়া পোস্টার, প্লাস্টিক আর দড়ি। ফলে চট করে আবার বানিয়ে নিতে হরেনের অসুবিধা হয় না। অত বড় আর ব্যস্ত রাস্তায় ভিক্ষা করার সাহস কিম্বা বোকামি আর কেউ দেখায়নি বলে হরেনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আজ হরেনের জন্য সবার মধ্যে খুব তৎপরতা। SIRএর হিয়ারিং। গাড়ি পাঠিয়েছে দু-দুটো রাজনৈতিক দল। শুধু হরেন বেপাত্তা।একটা দল টোটো পাঠিয়েছে তো অন্য দল পাঠিয়েছে ঠেলা গাড়ি।তাদের মতলব খুবই সহজ। সব দলই চাইবে হরেনের মূল্যবান ভোট যাতে তারা পায়। মূল্য। হরেনের মূল্য। হরেন ভেবেছে। সারা রাত ভেবেছে। তার কতটা মূল্য, আর কতটাই বা সেই মূল্যকে এরা মাপতে পারে।ক'দিন ধরে, ক'রাত ধরে হরেন ভেবেছে। নিজের সম্পর্কে, নিজের ঘর, ওর গ্রাম, ওর পরিবার...সবই ভেবেছে। নিজের সম্পর্কেই অধিকাংশ ঝাপসা। মাথায় আর চাপ দিতে ভালো না।সব ঘোলাটে ঠেকে।ঘুম পেয়ে যায়। জমানো টাকা যা কিছু ছিল ওই ঘরেই রয়ে গেছে। দুই দলের লোকেরাই খোঁজ চালিয়েছে। ওর সম্বল নিয়ে ওদের মাথা ব্যথা নেই। ওকে না পেয়ে ওরা চলে যায়। হরেনের খোঁজ মেলেনা। এখনও চলছে। ওর ভিক্ষের জায়গায় কিছু অন্য ভিখারিও হাজির হয়ে যায়। খালি হরেনের আর খোঁজ মেলে না।
==========================
প্রতীক মিত্র
কোন্নগর

