চায়ের কাপের প্রেম
প্রবীর কুমার চৌধুরী
প্রতিদিন বিকেল ঠিক পাঁচটায় মেয়েটি আসে স্টেশনের পাশের খগেনের ছোট চায়ের দোকানে। খগেন চা বানায় চুপচাপ, মন দিয়ে। প্রথম দিন শুধু চা নিয়েছিল, কথা হয়নি। দ্বিতীয় দিনও না। তৃতীয় দিন মেয়েটি হেসে বলেছিল, “চায়ে চিনি একটু কম দেবেন?”
সেই থেকেই শুরু।
কথা খুব বেশি নয় - তবু চোখে চোখে অদ্ভুত এক আলাপ জমে ওঠে। খগেন বুঝে যায়, মেয়েটি আসলে চিনি কম নয়, একটু সময় বেশি চায়। আর মেয়েটি বুঝে যায়, খগেনের নীরবতার মধ্যেই লুকিয়ে আছে অজস্র যত্ন।
একদিন বৃষ্টি নামে হঠাৎ। দোকানের টিনের চালের নিচে দাঁড়িয়ে দু’জন। মেয়েটি বলে, “আজ বাড়ি যেতে ইচ্ছে করছে না।”
খগেন চুপ করে একটা গরম চা এগিয়ে দেয় - চিনি একদম ঠিক মতো।
সেই মুহূর্তে কোনো বড় কথা হয়নি, কোনো প্রতিশ্রুতি নয়।
শুধু দু’জন মানুষ, এক কাপ চা, আর অদ্ভুত এক নিশ্চুপ ভালো লাগা।
তারপর থেকে প্রতিদিন পাঁচটা মানেই -
একটা ছোট্ট অপেক্ষা,
আর এক চিলতে মিষ্টি প্রেম।
========================
সমাপ্ত
মুঠোফোন -৮৭৭৭৭৪১৩০১

